০২ নভেম্বর, ২০১৫ ০২:৩৭
উগ্রবাদীদের হামলায় গুরুতর আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল বলেছেন, 'যতই আঘাতই আসুক, হামলা হোক, আমি যে ধরণের বই প্রকাশ করি, যেসব লেখকদের বই প্রকাশ করি তা করবোই। বই প্রকাশ থেকে পিছপা হবো না।'
রবিবার রাতে একাত্তর টেলিভিশনের 'একাত্তর সংযোগ' অনুষ্ঠানে হাসপাতালে চিকিৎসাধীন টুটুলের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
এ অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক সামিয়া রহমান একজন প্রকাশকের কাছে প্রশ্ন রাখেন, 'এই হামলার পর তারা বই প্রকাশে ভয় পাবেন কী না?'
প্রশ্নের জবাবে প্রকাশক ভয় পাবেন না বলে জানালে ইমরান সরকার বলেন, ''টুটুল ভাইও হাসাপাতালের বিছানায় শুয়ে আমাকে বলেছেন, 'আপনি সবাইকে জানিয়ে দেন, আমি বই প্রকাশ থেকে পিছপা হবো না। বই প্রকাশ করবোই।''
অনুষ্ঠানে টেলিফোনে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির কবির নানকও প্রকাশক টুটুলের এমন সাহসিকতার প্রশংসা করেন।
উল্লেখ্য, নৃশংস জোড়া হামলা চালিয়ে রাজধানীতে শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় আহতরা এজন্যে জঙ্গি মৌলবাদীদের দায়ি করেছেন এবং আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেছে।
বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হাসপাতালে নিয়ে যখন চিকিৎসা চলছিল, তখন জানা যায় শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন।
দুটি ক্ষেত্রেই হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় জঙ্গি মৌলবাদীরা।
আপনার মন্তব্য