সিলেটটুডে ডেস্ক

০২ নভেম্বর, ২০১৫ ১৬:০৩

টুটুল-রণদীপম-তারেক আশঙ্কামুক্ত

রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরেরর কার্যালয়ে ঢুকে কবি, প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও তারেক রহিমের ওপর আক্রমণের ঘটনায় গুরুতরভাবে আহত তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ৩ জনকেই আশঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে এ ঘোষণা আসে। 

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুর জানান, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এহসান আহমেদকে প্রধান করে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, নৃশংস জোড়া হামলা চালিয়ে রাজধানীতে শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় আহতরা এজন্যে জঙ্গি মৌলবাদীদের দায়ি করেছেন এবং আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেছে।

বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হাসপাতালে নিয়ে যখন চিকিৎসা চলছিল, তখন জানা যায় শাহবাগে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে আরেক প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতিষ্ঠানের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন।

দুটি ক্ষেত্রেই হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় জঙ্গি মৌলবাদীরা।

কবি, প্রকাশক আহমেদুর রশীদ টুটুলের শুদ্ধস্বর প্রকাশনা সংস্থা থেকে খুন হওয়া ব্লগার অভিজিৎ রায়ের ‘সমকামিতা’, ‘অবিশ্বাসের দর্শন’, ‘ভালবাসা কারে কয়’ নামক বইগুলোও প্রকাশিত হয়। এ ছাড়া ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল অভিজিৎ রায় ও মীজান রহমানের যৌথ লেখা ‘শূন্য থেকে মহাবিশ্ব’।

আপনার মন্তব্য

আলোচিত