০৬ নভেম্বর, ২০১৫ ১৮:৩৮
রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় দুই তাইওয়ানি নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাদের বাসায় ঢুকে তাদেরই এক ব্যবসায়িক কর্মচারীসহ কয়েকজন হামলা চালিয়েছে।
বর্তমানে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন।
আহত ব্যবসায়ী ওয়াং মিং চি (৫৪) এবং তার স্ত্রী লি লি হওয়াকে (৫০) ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই মাথায় আঘাত পেয়েছেন।
এই দম্পতি বাংলাদেশে আছে প্রায় দশ বছর ধরে। গাজীপুরে তাদের একটি প্লাইউড কারখানা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেছেন, তাইওয়ানের দুই নাগরিক উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসায় থাকেন।
মুনতাসিরুল ইসলাম বলেন, পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার নাম জাহাঙ্গীর। তিনি একসময় তাইওয়ানের ওই ব্যবসায়ীর কর্মচারী ছিলেন। পরে চাকরি ছেড়ে তিনি ওই কারখানায় কাঁচামাল সরবরাহের কাজ শুরু করেন।
সে কারণে ওয়াং মিং চি’র উত্তরার বাসায় নিয়মিত যাতায়াত ছিল জাহাঙ্গীরের। তার কাছে ওই বাসার একটি চাবিও ছিল বলে পুলিশের তথ্য।
এর আগে ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাভেলাকে এবং রংপুরে হোশি কুনিও নামের এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
এসব ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ কয়েকটি দেশ বাংলাদেশে তাদের নাগরিকের চলাচলে 'সতর্কতা' জারি করে।
এর অব্যবহিত পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাগুলোকে "বিচ্ছিন্ন ঘটনা" হিসেবে বর্ণনা করেছিলেন।
আপনার মন্তব্য