১৩ নভেম্বর, ২০১৫ ১৩:২২
জাপানি নাগরিক হোসে কুনিওকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রংপুর যুবদল ও যুবলীগের তিন নেতাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করেছে র্যাব।
এই তিনজন হলেন- রংপুর মহানগর যুবদলের দুই সদস্য রাজিব হাসান সুমন ওরফে মেরিল সুমন (২৮) ও নওশাদ হোসেদ রুবেল ওরফে ব্ল্যাক রুবেল (২৬) এবং রংপুর মহানগর যুবলীগের সদস্য কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা। তাদের সবার বাড়ি রংপুর শহরে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহামুদ খান জানান, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জে নয়াগোলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি দল ওই তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যায় তারা জড়িত ছিল বলে র্যাবের কাছে স্বীকারও করেছে বলে র্যাব জানায়।
তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে মুফতি মাহামুদ খান জানান।
তাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে রংপুরে নেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের কাউনিয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান।
ঢাকায় ইতালীয় নাগরিক খুনের পাঁচ দিনের মাথায় গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় তিনজন মুখোশধারী মোটরসাইকেল আরোহী।
আপনার মন্তব্য