১৫ নভেম্বর, ২০১৫ ০১:০৭
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের সঙ্গে জড়িত থাকলে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকেও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শামীম ওসমানকে বিচারের আওতায় আনা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেন? সে যদি দোষী না হয় তাহলে তাকে আনব কেন? সে যদি দোষী হয় তাহলে আনা হবে।’
আলোচিত ওই হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনরা মামলার প্রধান আসামি নূর হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘সাত খুনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স।’
ওই হত্যাকাণ্ডের একদিন পর শামীম ওসমানের সঙ্গে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কথা বলে ভারতে পালিয়েছিলেন নূর হোসেন। এই ফোনালাপের অডিও প্রকাশ হওয়ার পরে এক সংবাদ সম্মেলনে কথোপকথনের সত্যতা স্বীকার করে নেন শামীম ওসমান।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই গুলোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন ফ্রান্সে শুক্রবারের সন্ত্রাসী হামলা নিয়েও। তিনি বলেন, ‘সারা পৃথিবীতে অস্থিরতা চলছে। বাংলাদেশেও এর ছিটে-ফোঁটা আসছে। তবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে রাখছি।’
আপনার মন্তব্য