সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০২১ ১৭:৩৯

স্যাটেলাইটের বিল বকেয়া: চালু এসএটিভি, অপেক্ষায় চ্যানেল নাইন

স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ করার পর ফের চালু হলো বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি। তবে এখনো বন্ধ রয়েছে চ্যানেল নাইনের সম্প্রচার।

শুক্রবার (২১ মে) বেলা প্রায় দুইটার দিকে এস এ টিভির সম্প্রচার আবার চালু হয়।

এর আগে স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বিএসসিএল বৃহস্পতিবার মধ্য রাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেয়। পর তাদের সঙ্গে যোগাযোগ করে দুই টেলিভিশন।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে যেমন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক তেমনি আমাদেরও পদ্ধতি আছে। চ্যানেল দুটির সামান্য কিছু টাকা বাকি পেরেছিল, এজন্য গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

বিল পরিশোধ করায় এস এ টিভির সম্প্রচার পূণরায় চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করছি, চ্যানেল নাইন রোববার সকাল ১০টার মধ্যে সেটাও ঠিক হয়ে যাবে।

এ বিষয়ে চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের একজন প্রযোজক জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বেসরকারি টেলিভিশনের কাছ থেকে ভাড়া অগ্রিম নেয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অগ্রিম ভাড়া এক কোটি টাকার মতো পরিশোধ করতে বৃহস্পতিবার চিঠি আসে। এরপর ৪০ লাখ টাকা জমা দেয়া হয়। বাকি টাকা দিয়ে যত দ্রুত সম্ভব পরিশোধ করে টেলিভিশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত