নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৬ ২১:৫০

দুর্গাপূজার নিরাপত্তায় সিলেট ও সুনামগঞ্জে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের পূজামণ্ডপের নিরাপত্তায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিজিবির সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।

তিনি জানান, বিজিবি সিলেট সেক্টরের আওতাধীন দুই জেলায় মোট এক হাজার ৮০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ১০৯টিসহ মোট ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বিজিবি।

নিরাপত্তা জোরদারে ড্রোন প্রযুক্তি ও কে-নাইন ডগ স্কোয়াড ব্যবহারের পাশাপাশি টহল ও অনলাইনেও নজরদারি বাড়ানো হবে।

কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জরুরি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া অন্যান বাহিনীর সঙ্গেও সমন্বয় করে সকল মন্ডপে নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করবে সংস্থাটি।

আপনার মন্তব্য

আলোচিত