সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০২১ ১৩:০৩

যে দুই শর্তে জামিন হয় সাংবাদিক রোজিনার

পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৩ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি আবদুল্লাহ আবু বলেন, ‘রোজিনা ইসলামের মামলাটি স্পর্শকাতর হলেও আমরা তার জামিনের আবেদন বিবেচনা করার জন্য বলেছি। তবে আমরা বলেছি, পাসপোর্ট জমা রাখতে হবে। আসামী পক্ষ তাতে রাজি হয়েছে।’

রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী জানিয়েছেন, ‘পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দিয়েছেন আদালত। জামিনের জন্য রাষ্ট্রপক্ষ যে শর্ত দিয়েছে, তাতে আমাদের আপত্তি নেই।’

এর আগে বৃহস্পতিবার (২০ মে) একই আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন হেমায়েত উদ্দিন হিরোন। আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার (২৩ মে) দিনকে ধার্য করেন।

প্রসঙ্গত, গত ১৭মে বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে এদিন প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়

ওইদিন রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩ এর ৩ ৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। যেখানে তার বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগ দায়ের করা হয়েছে। এই মামলার একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে।

আপনার মন্তব্য

আলোচিত