সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০২১ ১৬:৫৮

কারামুক্ত সাংবাদিক রোজিনা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় বন্দি প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিনে কারাগার থেকে বের হয়েছেন। রোববার (২৩ মে) বিকেল ৪টা ১৮ মিনিটে রোজিনা ইসলাম কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে এসেছেন।

কাশিমপুর মহিলা কারগারের জেলার হোসনে আরা বীথি এই তথ্য নিশ্চিত করে জানান, আদালতের কাগজপত্র হাতে পাওয়ার পর তা যাচাই করতে বেশি সময় নেওয়া হয়নি। দ্রুততার সাথে আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

এদিকে দুপুরে রোজিনা ইসলামের রিলিজ অর্ডার কেরানীগঞ্জ কারাগারে পৌঁছায় বলে জানিয়েছিলেন কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ দুপুর সাড়ে ৩টার দিকে আমরা রিলিজ অর্ডার পেয়েছি। আমরা কাশিমপুর কারাগারে পাঠাচ্ছি, তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।’

এর আগে সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ বাকি বিল্লাহ ভার্চুয়াল শুনানি শেষে শর্ত সাপেক্ষে সাংবাদিক রোজিনার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদেশ দেন। পাঁচ হাজার টাকা মুচলেকায় ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়াল শুনানির পর আজ জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছিলেন আদালত। মঙ্গলবার সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের জন্য গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে পেনাল কোড ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত