সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০২১ ১২:৩০

নজরুলকে চেনে না রবি!

গত ২৫ মে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়। কবি নজরুলকে শুভেচ্ছা জানাতে মোবাইল অপারেটর রবি তাদের ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি পোস্ট করে যেখানে তারা যে ছবি ব্যবহার করেছে সেটা নজরুলের ছিল না; ছবিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের!

বহুজাতিক একটি সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে কাজী নজরুলকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে নজরুল আর কে রবীন্দ্রনাথ এটা চেনে না মোবাইল অপারেটর রবি- এমন প্রশ্ন ওঠেছে। প্রশ্ন ওঠেছে কোম্পানিটির কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিয়েও। এই সময়ে কাজী নজরুলের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মানহানির মামলা করা হবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী অভিযোগ করেন, রবির ফেসবুক পেজে কবি নজরুলের জন্মদিনে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে ব্যবহার করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের ছবি।

তিনি লেখেন, “রবির বাংলাদেশ ত্যাগ করা উচিত। যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চেনেন না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবিকে। কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো। আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।

এদিকে, সমালোচনার মুখে টেলিকম সংস্থাটি তাদের সামাজিক মাধ্যম থেকে পোস্টটি সরিয়ে নিয়েছে। তবে এর স্ক্রিনশটটি ভাইরাল হয়ে যায়। রবি ইতোমধ্যেই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে ক্ষমা চেয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে, তারা জানায় যে পোস্টটি তাদের অনুমোদিত সংস্থার তৈরি। তারা সেই বিবৃতিতে জানায়, আমরা আমাদের জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। আমরা এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আপনার মন্তব্য

আলোচিত