সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০২১ ১২:০০

করোনাভাইরাস: রামেকে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও আটজন। এর মধ্যে পাঁচজনই চাঁপাইনবাবগঞ্জের। শনিবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চারজন করোনা আক্রান্ত হয়ে ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছে। করোনা পজিটিভ হয়ে রাজশাহীর দুই ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন মারা গেছেন। উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের তিন ও রাজশাহীর একজনের মৃত্যু হয়েছে।

রামেকের করোনা ইউনিটে শুক্রবার ভর্তি হন ২২৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ১৬ জন, যাদের ১০ জন রাজশাহীর, পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁর।

পরিচালক সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের আইসিইউতে ১৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন।

প্রসঙ্গত, গত ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১৩ দিনে হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেছেন ১০১ জন। এর মধ্যে ৬০ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

সীমান্তবর্তী জেলা হওয়ায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় হঠাৎ করেই কিছুদিন থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। রাজশাহীর পাশের চাঁপাইনবাবগঞ্জে এই সংক্রমণ হার ৫০ শতাংশ ছাড়িয়ে যায়। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন গত ২৫ মে থেকে জেলাটিতে লকডাউন ঘোষণা করে। প্রথম সপ্তাহের লকডাউন শেষে সংক্রমণ কিছুটা কমলেও আবার বাড়ানো হয় লকডাউন। নতুন করে এক সপ্তাহ বাড়িয়ে চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেয়া হয় ৭ জুন পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত