০৬ জুন, ২০২১ ১২:৩৮
ডিজিটাল বাংলাদেশ গঠন ও শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে ব্রডব্যান্ড ইন্টারনেটকে ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আনছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে ঢাকা হোক, আর দেশের প্রত্যন্ত কোনো এলাকা হোক—ইন্টারনেট সেবাদাতাদের একই দামে সংযোগ দিতে হবে। নির্ধারিত দামের কম নেয়া গেলেও বেশি নেয়া যাবে না।
আজ রোববার বিকেলে ৩টায় অনলাইনে প্রেস বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রামেও সহজলভ্য করার কথা বলে আসছিলেন সরকারের সংশ্লিষ্টরা।
‘এক দেশ, এক রেটের’ আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে। এই প্যাকেজগুলোর দাম আনুষ্ঠানিকভাবে জানায়নি বিটিআরসি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম প্যাকেজের মূল্য হতে পারে মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, গতি হবে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের মূল্য হতে পারে মাসিক ৮০০ টাকার মধ্যে, এর গতি হবে ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের গতি হতে পারে ২০ এমবিপিএস, দাম হবে মাসিক ১ হাজার ২০০ টাকার মধ্যে।
২০১৯ সালের ১২ মার্চ ‘ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে ‘এক দেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, ইন্টারনেট সহজলভ্য করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে একে অপরের প্রতি দোষারোপ না করে সমন্বয়ের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।
আপনার মন্তব্য