১৫ জুন, ২০২১ ১৫:৪৫
চিত্রনায়িকা পরীমণিকে রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে ডাকা হয়। পরিমণি নিজেই এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার বাদী হওয়ায় পরীমণিকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। বিকেল ৪টার দিকে তিনি ডিবি অফিসে যাবেন। তার সঙ্গে তার কস্টিউম ডিজাইনার জিমিও সেখানে যাবেন। পুলিশ তার বক্তব্য শুনবে। আসামিদের দেওয়া তথ্য নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হবে।
এদিকে মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে সেসব বিষয় নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হবে বলে জানা গেছে।
এর আগে পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে।
সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। তাদের গ্রেফতারের পর সন্তোষ প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।
এর আগে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমণি। পোস্টে তিনি বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মন্তব্য