১৫ জুন, ২০২১ ২১:১৪
টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সকল ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রতন কোচের সভাপতিত্বে ও বকুল চন্দ্র বর্মণের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সভাপতি জন জেত্রা, গারো স্টুডেনটস ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ম আহবায়ক চন্দন কোচ, আদিবাসী যুব ফোরামের সদস্য স্বপন কোচ সহ প্রমূখ।
বক্তারা দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এদিকে মানববন্ধন চলাকালে দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার খবর আসে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়।
তিনি জানান, ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় মামলার ৪৮ ঘণ্টার মধ্যেই মির্জাপুর ও নাগরপুর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামি এখনও পলাতক থাকায় অভিযান অব্যাহত রয়েছে।
মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে পলাতক আসামিকে গ্রেপ্তারের পরই আদালতে অভিযোগপত্র দেয়া হবে জানান এসপি সঞ্জিত।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জবানবন্দি দিলে রিমান্ডের আবেদন করা হবে না। অন্যথায় বুধবার আদালতে তুলে তাদের রিমান্ড চাওয়া হবে।’
সখিপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে গেল রোববার তিনজনকে আসামি করে মামলার করেন কোচ সম্প্রদায়ের ওই নারী।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একই এলাকার তিন যুবক ওই নারীকে ঘরে থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। এসময় ওই অভিযুক্তরা পালিয়ে যায়।
ওই নারীকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মন্তব্য