০৭ জুলাই, ২০২১ ০০:২৮
ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে ঝগড়ার জেরে ব্রাজিলের এক সমর্থককে আর্জেন্টিনার সমর্থকরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নওয়াব মিয়া (৬০) সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।
আহতের ছোটভাই ইয়াকুব মিয়া বলেন, সকালে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে আমার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
তিনি বলেন, পরে বিকেলে রেজাউলের চাচা ব্রাজিল সমর্থক নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মো. জীবন মিয়া, মৃত রেনু মিয়ার ছেলে আব্দুর রহমান ও মন মিয়ার ছেলে সেলিমসহ ৪-৫ জন যুবক তাকে দামচাইল বাজারে একা পেয়ে মারধর করেন। মারধোর পরে সবাই পালিয়ে।
আহত নওয়াব মিয়াকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন।
আপনার মন্তব্য