সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৫ ১১:০১

ইন্টারনেটে ‘জিহাদি জন’ নামে আইএস এর প্রচার, রাজধানীতে গ্রেপ্তার ১

ইন্টারনেটে ‘জিহাদি জন’ ছদ্মনামে ইসলামিক স্টেট (আইএস) এর প্রচার চালানোর অভিযোগে রাজধানীর বাড্ডা থেকে নাহিদ হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম খবরটি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ঢাকার বাড্ডা থেকে নাহিদ হোসেন নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

নাহিদ কীভাবে কী ধরনের প্রচার চালাচ্ছিলেন, আইএসের সঙ্গে তার আদৌ কোনো যোগাযোগ রয়েছে কি না- সে বিষয়ে কোনো তথ্য দেননি মুনতাসিরুল।

তিনি বলেন, বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি জিহাদি জনের প্রকৃত নাম মোহাম্মেদ ইমওয়াজি। আইএসের বিভিন্ন ভিডিওতে তাকে ছুরি হাতে পশ্চিমা বন্দিদের শিরশ্ছেদে হত্যা করতে দেখা যায়। এরপর তাকে ধরার জন্য বিশ্বব্যাপী অভিযান শুরু হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে আইএস এর কার্যক্রম নেই বলা হলেও আইএস সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত