সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৫ ১৮:৪৭

গ্রামীণফোনের চাকরিতে আর নেই যুদ্ধাপরাধী মুজাহিদের পুত্র

মৃত্যুদণ্ডে দণ্ডিত যুদ্ধপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকিক দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের চাকরিতে আর নেই বলে জানিয়েছে গ্রামীনফোন।

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল সংবাদ মাধ্যমকে জানান, আলী আহমেদ তাহকিক তিন সপ্তাহ আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

মুজাহিদপুত্র তাহকিক দীর্ঘদিন গ্রামীণফোনের ‘স্টেকহোল্ডারস রিলেশন্স ডিপার্টমেন্ট’-এ কর্মরত ছিলেন। দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরে এরকম গুরুত্বপূর্ণ একটি পদে একজন ‍যুদ্ধাপরাধীর ছেলের দায়িত্ব পালন নিয়ে গণমাধ্যমে খবর আসলে  তাঁর এই পদে চাকরি করা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। দেশের নিরাপত্তার স্বার্থে তাকে এমন পদে না রাখার দাবি তোলেন অনেকে।     

এরপর গত জুন মাসে তাহকিককে ‘ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস ডিপার্টমেন্ট’-এ বদলি করা হয়। সেখানে তিনি ছিলেন ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট এর দায়িত্বে।

তালাত কামাল  বলেন, “চাকরি থেকে ইস্তফার বিষয়ে গ্রামীণফোনের কোনো চাপ ছিল না। তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।”

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী গণহত্যার দায়ে গত শনিবার দিবাগত রাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মুজাহিদের। 

সূত্র: বিডিনিউজ২৪ডটকম

আপনার মন্তব্য

আলোচিত