সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০২১ ২১:৪৯

নগদ-ডিআরইউ পুরস্কার পেলেন ২২ সাংবাদিক

২০২১ সালের সেরা রিপোর্টের জন্য ২২ জন রিপোর্টারকে সম্মানিত করেছে নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।

‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ শিরোনামের এ আয়োজনে সেরা রিপোর্টারদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১-এর জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ'র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ও অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ-এর সভাপতি মুরসালিন নোমানী। এ ছাড়া সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদপত্র-অনলাইন এবং টেলিভিশন-রেডিও এই দুই ক্যাটাগরিতে যথাক্রমে ১৩টি ও ৯টি বিষয়ে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হয়। দশজন সিনিয়র সম্পাদক জমা পড়া ২৪২টি রিপোর্ট থেকে ২২টি রিপোর্ট চূড়ান্ত করেন।

সংবাদপত্র ও অনলাইন সাংবাদিকতায় ১৩ পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য ক্যাটাগরিতে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি, শিক্ষায় দ্য বিজনেস রিপোর্টের সিনিয়র রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন, অপরাধ ও আইনে ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার এ.কে.এম রাশেদুল হাসান, তথ্য-যোগাযোগ ও প্রযুক্তিতে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান, রাজনীতি, প্রশাসন ও সংসদ বিষয়ে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার কবির হোসেন, ক্রীড়ায় ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মো. জুবায়ের হোসেন, স্বাস্থ্য বিষয়ে দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম, সেবাখাতে বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. শাহেদুল ইসলাম, কৃষি ও পরিবেশে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এস.এ.এম হামিদুজ্জামান, অর্থনীতিতে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার জিয়াদুল ইসলাম, ব্যাংক-বীমা ও পুঁজিবাজারে বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জেবুন্নেসা আলো, নারী-শিশু ও মানবিকতায় দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ে দৈনিক সময়ের আলোর বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজ।

টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯ পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- অর্থনীতিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, ব্যাংক-বীমা ও পুঁজিবাজারে একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাবেরী মৈত্রীয়, অপরাধ ও আইন-শৃঙ্খলায় মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো. মাজহারুল ইসলাম, তথ্য-যোগাযোগ ও প্রযুক্তিতে নাগরিক টেলিভিশনের চিফ রিপোর্টার শাহনাজ শারমীন, নারী-শিশু ও মানবাধিকারে মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার চৌধুরী, খেলায় চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার সালমান সাকীব, স্বাস্থ্যে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আবু সালেক মো. পারভেজ সাজ্জাদ, সেবাখাতে এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন এবং সুশাসন ও দুর্নীতিতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মো. আদনান খান।

আপনার মন্তব্য

আলোচিত