সিলেটটুডে ডেস্ক:

৩০ অক্টোবর, ২০২১ ২২:১৯

মানুষের জিজ্ঞাসা পরিবর্তন আসবে কবে: মির্জা ফখরুল

‘আনোয়ারউল্লাহ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা অনেকেই হতাশ। অনেকেই বলছেন- আর কত দিন। পরিবর্তনটা কবে আসবে? যেভাবে চতুর্দিকে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে সেখান থকে কবে বেরুতে পারবো। আমরা অবশ্যই এখান থেকে বের হতে পারবো। সেজন্য জনগণকেই জেগে উঠতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই।’

শনিবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর ওপর লেখা 'আনোয়ারউল্লাহ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ'র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গ্রন্থটির মূল্য ১৩'শ টাকা।

দেশের তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ে যখন একজন বোন ধর্ষিত হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিবাদ মিছিল বেরিয়ে আসতে দেখি না। টিপাইমুখে বাঁধ তৈরির সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয় না, আমার গণতন্ত্রকে যখন ধবংস করা হয়, ছাত্রদেরকে যখন পিটিয়ে শুইয়ে দেয়া হয়, রক্ত ঝরানো হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিবাদ মিছিল বের হয় না। আমাদের তরুনরা, যদি জেগে না ওঠে তাহলে পরিবর্তনটা আসবে কোত্থেকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য-কিভাবে অর্থ উপার্জন করা যায়। মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য ওয়েল ফেয়ার স্টেটের জন্য তাদের চিন্তাই নেই। অনির্বাচিত সরকার বলেই দেশে প্রতিটি ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে।

আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষাদানের পাশপাশি সমাজ বদলের একটা দায়িত্ব কিন্তু শিক্ষকদের থেকে যায়। সমাজ পরিবর্তনে শুধু রাজনীতিবিদদের দায়িত্ব নয়, এই দায়িত্ব শিক্ষক সমাজ, পেশাজীবী, বুদ্ধিজীবি, জনগণ সকলেরই। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে, একটি শোষণহীন বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। আমরা ৫০ বছর পর তাকিয়ে দেখি আমাদের সেই স্বপ্ন বিফল হয়েছে। আজকেও আমাদেরকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হয়, শোষন, নির্যাতন, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে হয়। তবে আমি আশাবাদী আমরা নিশ্চয়ই আবার গণতন্ত্র ফিরে পাবো, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসার সভাপতিত্বে ও কবি আবুল হাই শিকদারের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সহধর্মিনী লাকী নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক জাহেদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুর রহমান সিদ্দিকী, খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রেজাউল করীম, অনন্যার প্রকাশক মনিরুল হকের ছেলে বাবুস সালাম দূর্জয় বক্তব্য দেন।

আপনার মন্তব্য

আলোচিত