সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৫ ১৬:০৯

সম্প্রচারে আসার সময় অনুযায়ী কেবল টিভির ক্রম

যে টেলিভিশন চ্যানেলের সম্প্রচার আগে শুরু হয়েছে সেটি ক্রমে থাকবে এক নম্বরে এরপর প্রতিষ্ঠার ক্রম অনুযায়ী টিভি চ্যানেল প্রদর্শনের ক্রম নির্ধারিত করে কেবল অপারেটরদের নির্দেশনা দেবে সরকার। হচ্ছে।  আর সরকারের নির্দেশনা অনুযায়ী বছরখানেক ধরে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে রাখা হচ্ছে এক নম্বরে।

বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন।


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশে চ্যানেলগুলোর ক্রম ঠিকমত নেই, বিদেশি চ্যানেল আগে দেখায়।  “দেশের কোনো কোনো চ্যানেল আগে, আবার আগে প্রতিষ্ঠিত অনেক চ্যানেলই পরে আসে, এটা ঠিক না। আমরা সিরিয়াল ঠিক করে দেব।”

বাংলাদেশে বর্তমানে ৪৩টি বেসরকারি টেলিভিশনের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত; সম্প্রচারে আছে ২৪টি।

বর্তমানে কেবল অপারেটররা তাদের পছন্দ অনুযায়ী টিভি চ্যানেলের ক্রম নির্ধারণ করে সম্প্রচার করছেন। অভিযোগ আছে যে চ্যানেল অপারেটরদের বেশি টাকা তাদের ক্রম এগিয়ে আনা হচ্ছে।

তোফায়েল বলেন, “যে চ্যানেল যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় অনুযায়ী তথ্য মন্ত্রণালয় টিভি চ্যানেলের সিরিয়াল ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে। আমরা তা কেবল অপারেটরদের জানাব। তাদের এই সিদ্ধান্ত মানতে হবে।”

এই নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশে বিদেশি টিভি চ্যালেনগুলো কীভাবে প্রদর্শন করা হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তোফায়েল বলেন, “ভারতে আমাদের চ্যানেলগুলো প্রচার করতে চাই, পরে এ নিয়ে বসে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেব।”

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদেশি চ্যানেল পরে প্রদর্শিত হবে। অনেক কেবল অপারেটর এটা মানে না, যা দুঃখজনক।”

সরকার নির্ধারিত ক্রম অনুযায়ী অপারেটররা টিভি চ্যানেল না দেখালে ব্যবস্থা নেওয়া হবে বলে তথ্যমন্ত্রীও হুঁশিয়ার করেন।

আপনার মন্তব্য

আলোচিত