সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০২২ ০০:১৬

টিকা গ্রহণকারীদের বাংলাদেশে প্রবেশে পিসিআর টেস্ট লাগবে না

করোনার টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আরটি পিসিআর টেস্টের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

সার্কুলারে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত করোনা টিকার পূর্ণ ডোজ নিয়ে যারা বাংলাদেশে প্রবেশ করবেন তাদের আলাদা করে আরটি পিসিআর টেস্ট করতে হবে না। তবে এক্ষেত্রে টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে।

আর যারা টিকার পূর্ণ ডোজ নেননি তাদের দেশে প্রবেশ করার ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআর টেস্ট সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে তাদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। অবশ্য ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে কোনো টেস্ট করানোর প্রয়োজন নেই।

বিদেশগামীদের সংশ্লিষ্ট দেশের সবশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে সার্কুলারে। এর পাশাপাশি ন্যারো বডির সিঙ্গেল আইল উড়োজাহাজে যাত্রী পরিবহনের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে- উড়োজাহাজের ইকোনমি ক্লাসের সবশেষ সারি এবং বিজনেস ক্লাসের একটি আসন সম্ভাব্য কোভিড আক্রান্ত যাত্রীর জন্য ফাঁকা রাখতে হবে।

ওয়াইড বডির (সুপরিসর) ডাবল আইল উড়োজাহাজের মধ্যে যেগুলোর যাত্রী ধারণ ক্ষমতা ৩শ’র কম সেগুলোর মোট আসনের সর্বোচ্চ ৯৫ ভাগে যাত্রী বহন করা যাবে। আর যে উড়োজাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ৩শ’র বেশি সেগুলোর মোট আসনের সর্বোচ্চ ৯০ ভাগে যাত্রী বহন করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত