সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০২২ ১১:০৯

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, ৩ বন্ধু নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিলে আরোহী ৩ জন নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মৌখালী এলাকায় এই দূর্ঘটনায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা সকলে।

নিহতরা হলেন, মোংলা পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ (২২), দোকানের কর্মচারী জাকারিয়া (২০) ও জাহাঙ্গীর হোসেনের ভাগনে মো. আসাদের ছেলে সাকিব (২০)। তারা প্রত্যকেই একে অপরের বন্ধু।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলা উপজেলার চাঁদপাই পীর মেছেরশাহ'র মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরছেলেন তারা। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী ৩ বন্ধু ছিটকে পড়ে।

পিচের রাস্তায় পড়ে তিনজনেরই মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম হয়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণে মধ্যরাতে ঘটনাস্থলেই মারা যান তারা।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তাদের মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত