১১ ডিসেম্বর, ২০১৫ ১৩:১২
ফাইল ছবি
১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশ্বব্যাপী কোটি কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে জঙ্গিবাদ প্রতিরোধের ডাক দিয়েছে 'বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি'।
সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই বছরের মত এবারও বিশ্বব্যাপী কোটি কণ্ঠে জাতীয় সংগীত গাইবার মধ্য দিয়ে বিজয় উৎসব ২০১৫ পালিত হবে।
এবারের উৎসব উদযাপন কমিটির আহবায়ক হিসেবে আছেন অধ্যাপক ড. আবুল বারকাত, যুগ্ম আহবায়ক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বিজয় উৎসব ২০১৫ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে বেলা এগারোটায়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা পর্ষদের অন্যতম সদস্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরেটস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. অজয় রায় এবং মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী।
কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান, বেলা ১১:৩০-৩:৩০- সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সংস্কৃতি, দুপুর ০৩:৩০-০৪:০০- জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, বিকেল ০৪:৩১ মিনিটে- বিশ্বব্যাপী কোটি কণ্ঠে প্রাণের জাতীয় সঙ্গীত, বিকেল ০৪:৪০ মিনিটে- আগামী বাংলাদেশের শপথ (শপথ বাক্য পাঠ করবেন বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা), বিকেল ০৪:৪৭ মিনিট থেকে ০৫:১৫ মিনিট- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে মুক্তিযুদ্ধের গান, বিকেল ০৫:২০ মিনিট- বিজয় আতশ সজ্জা এবং বিকেল ০৫:৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত: বিজয় মঞ্চে জনপ্রিয় ব্যান্ডদলের অংশগ্রহণে কনসার্ট ফর ফ্রিডম।
আসন্ন বিজয় উৎসব ২০১৫-তে সারাদেশের সকলকে জাতীয় পতাকা হাতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সপরিবারে আসার আহবান জানিয়েছে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি।
আপনার মন্তব্য