০৮ মে, ২০২২ ১২:৫২
রেলমন্ত্রীর ‘আত্মীয় পরিচয়’ দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের জরিমানার ঘটনায় রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে রেলওয়ে কর্তপক্ষ।
রোববার (৮ মে) দুপুর ১২টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, একইসাথে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী তিন ব্যক্তিকে জরিমানার ঘটনার তদন্ত চলবে বলেও জানিয়েছেন ডিআরএম।
এদিকে রোববার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে, ভুলভ্রান্তি হলে মানুষ তো সেভাবেই দেখবে। এখানে যদি দেখা যায় আমার স্ত্রী কোনো দোষ করে থাকে, ইয়ে করে থাকে, আমার কোনো ইনভলভমেন্ট এখানে ছিল না। বলা হচ্ছে যে মন্ত্রীর কারণে এমনটা ঘটছে। আমার যদি কিছু করার থাকত তাহলে তো সরাসরিই করতে পারতাম। কারও সাহায্যের তো দরকার হবে না। মেসেজটা যেভাবে গেছে সেটা সঠিক না।
রেলমন্ত্রী বলেন, টিটিই শফিকুল ইসলাম সেদিন তার দায়িত্বই সঠিকভাবে পালন করেছেন।
প্রসঙ্গত, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বৃহস্পতিবার দিবাগত রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে বিনাটিকিটে রেল ভ্রমণের দায়ে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। পরে বৃহস্পতিবার (৫ মে) রাতেই ‘যাত্রীর সঙ্গে অসদাচরণের’ অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলের একাধিক সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরদী রেল জংশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনের সিট দখল করে বসেন। এ সময় ট্রেনে কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে তারা রেলপথমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই বিষয়টি পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) মো. নুরুল আলমের সঙ্গে পরামর্শ করেন। তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে টিকিট কাটার পরামর্শ দেন।
এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। এ সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্টসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পাকশী বিভাগীয় রেল সূত্র জানায়, ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ করেননি। তবে তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ করেছেন। সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন টিটিই শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্তের আদেশ দেন। শুক্রবার থেকে আদেশ কার্যকর হয়।
আপনার মন্তব্য