চট্টগ্রাম প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:৩৭

চট্টগ্রামে প্রেমিক-প্রেমিকাকে আটকে চাঁদাবাজি করল পুলিশ

চট্টগ্রামে রিকশা করে যাওয়া এক প্রেমিক-প্রেমিকা জুটিকে আটকে হয়রানি ও চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় অলংকার মোড় ও এ কে খান রোডের মাঝামাঝি এলাকায় ডিউটিরত ৫ পুলিশ সদস্য রিকশা করে যাওয়া রতন (ছদ্মনাম) ও নীলা (ছদ্মনাম)কে আটকে নানান হয়রানিমূলক প্রশ্ন করে চাঁদাবাজি করেছে।

এই ঘটনার শিকার রতন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বিকেলে বোনের বাসা থেকে ঐ এলাকা দিয়ে আসার সময় অলংকার মোড় ও একে খান এলাকার মাঝামাঝি কিছুটা নিরব ও অন্ধকার জায়গায় ৫ জন পুলিশ সদস্য আমাদের রিকশা থামিয়ে দুজনের মধ্যে সম্পর্ক জানতে চায়, কেন সন্ধ্যায় একসাথে যাচ্ছি, বিয়ে না করে ঘুরাঘুরি করছেন কেন ইত্যাদি নানান হয়রানিমূলক প্রশ্ন করে। এক পর্যায়ে আমাকে আড়ালে নিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে আটক করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এ সময় আমার সাথে থাকা প্রায় ৫ হাজার টাকা নিয়ে যায়।

এই ঘটনার পর সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ জানানোর সাহস পাচ্ছেন না বলে রতন জানান।
 
যোগাযোগ করা হলে পাহাড়লতী থানার দায়িত্বপালনরত কর্মকর্তা এসআই মোঃশফিক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমাদের কাছে এমন কিছু জানা নেই"। আক্রন্তরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত