২৯ জুন, ২০২২ ১১:৪৭
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) রাতে কুষ্টিয়ার কুমারখালী এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল হাজী আশুলিয়ার চিত্রাশাইল এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নিহতের ভাইয়ের বাদী হয়ে মূল অভিযুক্ত শিক্ষার্থীসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে করা মামলায় ওই শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি বুধবার নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম কামরুজ্জামান বলেন, অভিযুক্ত শিক্ষার্থী জিতুর বাবা উজ্জ্বলকে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকা থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, ১০ দিনের রিমান্ড চেয়ে আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
গ্রেপ্তার অভিযানে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকা থেকে গতরাতে উজ্জ্বলকে গ্রেপ্তার করেছি, তার ১০ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হবে। এছাড়া মূল অভিযুক্ত জিতুকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
অভিযুক্তের বাবা এ ঘটনায় জড়িত কি না এমন প্রশ্নের উত্তরে আশুলিয়া থানার ওসি এস, এম কামরুজ্জামান বলেন, আমরা তাকে গ্রেপ্তার করেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া মূল অভিযুক্তকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত সোমবার (২৭ জুন) ভোর সোয়া ৫ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উৎপল। নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে।
তিনি প্রায় ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং প্রতিষ্ঠানটির শৃঙ্খলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ উঠেছে ইভটিজিং করায় শাসন করার কারণে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী তাকে স্ট্যাম্প দিয়ে মারধোর করে। অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু (১৬) দশম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের ভাই অসীম কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েদের ইভটিজিংসহ নানা উশৃঙ্খলার কারণে শাসন করায় ওই ছাত্র আমার ভাইকে আঘাত করেছে, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
আপনার মন্তব্য