সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৫ ১০:৫১

‘মোবাইল ব্যাংকিংয়ে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ’

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক ৪৫০ কোটি টাকা লেনদেন হচ্ছে জানিয়ে বাংলাদেশের ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, "মোবাইল ব্যাংকিং সেবা প্রদানে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়।"  

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাণী হোটেলে নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।


প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দি ইকোনমিস্টের ২০১৪ সালের সেপ্টেম্বরের একটি সংখ্যার হিসাব অনুযায়ী মোবাইল ব্যাংকিং সেবায় বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। ওই তালিকায় প্রথম অবস্থানে ছিল কেনিয়া। তখনকার হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে দৈনিক লেনদেন হতো ২৫০ কোটি টাকা। আর আজ কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী, দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে ২শ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক সংখ্যা ৩ কোটির বেশি। কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত ২৮টি ব্যাংককে মোবাইল ব্যাংকিংয়ের অনুমোদন দিলেও এ সেবা দিচ্ছে ২০টি ব্যাংক।

এই অনুষ্ঠানে আতিউর রহমান আরো জানান, মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শুরু হয়েছে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম। এর মধ্য দিয়ে ব্যাংকগুলো সারাদেশে তাদের ব্যাংকিং নেটওয়ার্ক তৈরির কাজ করছে। এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলোকে ভবিষ্যতে ই-কমার্স সেন্টারে রুপান্তর করার জন্য কাজ করা হচ্ছে।  

মানুষের দুয়ারে ব্যাংকিং সেবা পৌঁছানোর জন্য এজেন্ট ব্যাংকিংকে একটি সৃজনশীল সেবা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, "আগে মানুষ ছুটতো সেবার পেছনে। দিন বদল হয়েছে। এখন সেবাই খুঁজে বেড়ায় মানুষকে। সত্যিই ব্যাংক এখন জনগণের দুয়ারে।"

আপনার মন্তব্য

আলোচিত