১২ জুলাই, ২০২২ ১৪:০৩
ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (১২ জুলাই) অফিস খুলেছে। এর আগে সোমবার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিনদিনের ছুটি শেষ হয়। সে হিসেবে আজ অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে।
দুই ঈদে রাজধানীবাসীর বড় একটি অংশ গ্রামের পথে ছোটেন। গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম ব্যবহারকারীর ঢাকা ত্যাগের তথ্য পাওয়া যায়। সাধারণত গ্রামে যারা যান তাদের বড় একটি অংশ বাড়তি কয়েকদিন ছুটিও কাটিয়ে আসেন।
ঈদের পরদিন (১১ জুলাই) বিকেলে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাটে দেখা যায়, কর্মক্ষেত্রে যোগ দিতে গ্রাম থেকে ঢাকায় ফিরছে মানুষ। অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। অনেকে সপরিবারেই ফিরেছেন।
তবে মঙ্গলবার সকালেও রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ছুটির আমেজ দেখা গেছে। রাস্তা প্রায় ফাঁকা। অল্প সংখ্যক মানুষকে গাড়িতে পাওয়া গেছে। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাবও রয়েছে। বেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়বে বলে ধারণা করা যায়।
ঈদের ছুটি শুরু হওয়ার আগেই রাজধানীতে গণপরিবহনে সংকট দেখা যায়। তবে মঙ্গলবার সকালে সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। এ ছাড়া আগের দিনগুলোর মতো বেশির ভাগ দোকানপাট বন্ধই দেখা গেছে সকালে।
রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রবিবার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।
আপনার মন্তব্য