১৭ জুলাই, ২০২২ ১২:৫৭
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় সাম্প্রদায়িক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে আটক করেছে পুলিশ। তবে হিন্দুপাড়ায় আগুন, হামলা-ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশ বলছে, আকাশ সাহা নামের ওই কলেজছাত্রের ফেইসবুক আইডি থেকে একটি পোস্টকে কেন্দ্র করেই গত শুক্রবার হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
আর আকাশ সাহাকে আটকের সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, শনিবার রাতে খুলনা থেকে আকাশকে আটক করা হয়। এ বিষয়ে ‘পরে’ বিস্তারিত জানানো হবে।
গত শুক্রবার ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে লোহাগড়ায় মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আকাশ সাহা নামে এক কলেজ ছাত্রের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দিঘলিয়ায় শুক্রবার জুম্মার নামাজের পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে এলাকাবাসী আকাশকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। পরে উত্তেজিত জনতা দিঘলিয়া বাজারের নিত্য দুলাল সাহা, অনুপ সাহা, অশোক সাহা, সনজিদ সাহার মুদি দোকান এবং গোবিন্দ কুণ্ডু ও গৌতম কুণ্ডুর মিষ্টির দোকান ভাঙচুর করে। এছাড়া সাহাপাড়ার গৌরসাহা, চায়না রানী সাহা, বিপ্লব সাহার বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। তারা নাড়ু গোপালের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
এরপর উত্তেজিত জনতা রাত ৯টার দিকে আখড়াবাড়ী সার্বজনীন পূজামণ্ডপে আগুন ধরিয়ে দেয়। এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দির, দেবতার মূর্তি ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। ঘটনার পর আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে লোহাগড়া থানা পুলিশ, ডিবি পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৬-এর একটি দল এবং নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
আপনার মন্তব্য