নাদির আহমেদ, শাবিপ্রবি

২৯ আগস্ট, ২০২৬ ১৯:২৮

শাবিপ্রবিতে ভর্তিতে শীর্ষে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে পড়তে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষার্থী ভর্তিতে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের। আর বিশ্ববিদ্যালয়টি যে অঞ্চলে অবস্থিত, সেই সিলেট রয়েছে তৃতীয় অবস্থানে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে এসেছেন ৩৬২ জন, যা মোট ভর্তির ২২.১৬ শতাংশ। ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন বা ১৯.৮৯ শতাংশ। আর সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন বা ১৮.২৪ শতাংশ।

চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি:

১১ জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ থেকে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন ৩৬২ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিভাগের অন্য জেলাগুলো থেকেও শিক্ষার্থীরা শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।

এর পরেই রয়েছে ঢাকা বিভাগ। ১৩ জেলার এই বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন। ঢাকা জেলা থেকে ৮৬ জন, কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে আসা একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষার মান ও প্রাকৃতিক সৌন্দর্য তাদের আকৃষ্ট করেছে।

চার জেলার সিলেট তৃতীয়:

শাবিপ্রবির অবস্থান সিলেট বিভাগে। তবে বিভাগভিত্তিক ভর্তির হিসাবে সিলেটের অবস্থান তৃতীয়। চার জেলা নিয়ে গঠিত এই বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন শিক্ষার্থী।

সিলেট জেলা থেকেই ভর্তি হয়েছেন ১৩২ জন, যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। সুনামগঞ্জ থেকে ৬৫ জন, মৌলভীবাজার থেকে ৫১ জন এবং হবিগঞ্জ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ভর্তি হয়েছেন ১৭২ জন শিক্ষার্থী বা ১০.৫৩ শতাংশ।
অন্যদিকে রংপুর বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৬২ জন। মোট ভর্তির ৯.৯১ শতাংশ শিক্ষার্থী এসেছে এ বিভাগ থেকে। রাজশাহী বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৫৪ জন বা ৯.৪৩ শতাংশ। খুলনা বিভাগ থেকে ১০৮ জন বা ৬.৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বরিশাল থেকে সবচেয়ে কম:

আট বিভাগের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগ থেকে। ছয় জেলা নিয়ে গঠিত এই বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৫৩ জন, যা মোট ভর্তির ৩.২৪ শতাংশ।

বিভাগভিত্তিক এই পরিসংখ্যান বলছে, শাবিপ্রবির নতুন শিক্ষার্থীদের বড় অংশই সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়ের অবস্থান সিলেটে হলেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে শাবিপ্রবির শিক্ষার্থীসমাজ হয়ে উঠেছে আরও বৈচিত্র্যময়।

আপনার মন্তব্য

আলোচিত