১৭ জুলাই, ২০২২ ২৩:০৮
লোহাগড়ার দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নোংরা রাজনীতি পরিহার করার জন্য প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাকে ভোগাতে অসহায় মানুষের ক্ষতি না করার জন্য বলেছেন।
রোববার ফেসবুকে প্রতিপক্ষের উদ্দেশে তিনি লিখেছেন, 'সামনে থেকে আঘাত করুন। আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। আমি সাধুবাদ জানাব। পেছন থেকে আঘাত করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। আমাকে ভোগানোর জন্য দয়া করে সাধারণ ও অসহায় মানুষের আর ক্ষতি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন। আমি জানি, নড়াইলে রাজনীতি যাঁদের কাছে পেশা তাঁদের কাছে আমি এখন নেশা।'
পোস্টে তিনি ইঙ্গিত করেছেন, দু’বছর আগে তাঁর নির্বাচনী এলাকা, বিশেষ করে তাঁর শ্বশুরবাড়ি এলাকায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করেও তাঁকে হেয় করার চেষ্টা করা হয়। গত ১৮ জুন সদরের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ অপদস্থের ঘটনায়ও তাঁকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। সর্বশেষ দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার মাধ্যমে তাঁকেও বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি শনিবারই দিঘলিয়ায় হিন্দুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন।
এ প্রসঙ্গে স্থানীয় যুবলীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্যের প্রেস সচিব সৌমেন বসু বলেন, মাশরাফি যে স্বপ্ন নিয়ে নড়াইলের উন্নয়নে কাজ করে চলেছেন, তাঁকে বাধাগ্রস্ত করতেই একটি রাজনৈতিক গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। মাশরাফি এমপি হওয়ার পর থেকেই তাঁরা পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। এ ব্যাপারে জানতে মাশরাফিকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে তাঁকে মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় হযরত মোহাম্মদ (স.)কে কটুক্তির অভিযোগে লোহাগড়ার হিন্দু বাড়ি, মন্দিরে এবং তাদের দোকানপাটে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শনিবার ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেন স্থানীয় এমপি মাশরাফি।
এলাকার জনগণের উদ্দেশ্যে মাশরাফি বলেন, নড়াইলকে কলঙ্কিত করবেন না। এই নড়াইল গড়ার জন্য আমি আপনাদের সমর্থন চাইনি। নিজেরা এভাবে বিভক্ত হয়ে পড়বো আমি কখনও ভাবনি।
হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় হিন্দু পরিষদসহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আহ্বান করা হয়। রোববার মোহাম্মদ (স.)কে কটুক্তির অভিযোগে আকাশ সাহা (২০) নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য