সিলেটটুডে ডেস্ক:

১৮ জুলাই, ২০২২ ২১:১১

লোহাগড়ায় সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তার ৫, তিন দিনের রিমান্ডে

নড়াইলের লোহাগড়ায় মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা এবং সহিংসতার ঘটনায় হওয়া মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে লোহাগড়া আমলি আদালতের বিচারক মোরশেদুল আলম তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার বিকেলে ওই হামলার ঘটনায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন লোহাগড়া থানার এসআই মাকফুর রহমান। পরে রোববার দুজন এবং সোমবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লোহাগড়ার দিঘলিয়া গ্রামের ইসহাক মৃধার ছেলে রাসেল মৃধা, লুটিয়া গ্রামের আজিজুল গাজীর ছেলে কবির গাজী, তালবাড়িয়া গ্রামের আমিন উদ্দিন শেখের ছেলে সাইদ শেখ, বাটিকাবাড়ি গ্রামের বারিক শেখের ছেলে রেজাউল শেখ এবং বয়রা গ্রামের সাদেকুর রহমান মোল্যার ছেলে মাসুম বিল্লাহ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, প্রথম দুজনকে রোববার এবং পরের তিন জনকে সোমবার গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গত শুক্রবার রাতে দীঘলিয়া গ্রামের কচি সরদার বাদী হয়ে লোহাগড়া থানায় দিঘলিয়া সাহা পাড়ার বাসিন্দা কলেজছাত্র আকাশ সাহার নামে একটি মামলা দায়ের করেন। শনিবার রাতে খুলনা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোববার আদালত আকাশ সাহার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, লোহাগড়ার দিঘলিয়ায় ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় এলাকার উত্তেজিত জনতা দিঘলিয়া বাজারের হিন্দু ধর্মাবলম্বীদের ছয়টি দোকান ভাঙচুর, একটি মন্দিরে আগুন দেওয়াসহ তিনটি মন্দির ভাঙচুর করে। এ ছাড়া সাহাপাড়ার পাঁচটি বাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় সহিংসতা ঠেকাতে যেয়ে ইউপি মেম্বার, এক শিক্ষকসহ তিনজন আহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত