সিলেটটুডে ডেস্ক:

১৯ জুলাই, ২০২২ ২২:০০

মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকার প্রশ্নবিদ্ধ হবে: ধর্ম প্রতিমন্ত্রী

সাম্প্রদায়িক হামলা, সাহাপাড়া পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী-এমপি ও বামজোট নেতারা

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার বাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরেন শিকদার, অসীম কুমার উকিল, পংকজ দেবনাথ ও মাশরাফি বিন মোর্ত্তজা।

মঙ্গলবার দুপুরে তারা ঢাকা থেকে সড়ক পথে ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনাস্থলে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বাংলাদেশকে একটি অকার্যকর ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে মৌলবাদী গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আর এই মৌলবাদী গোষ্ঠীকে মদদ দিচ্ছে একটি কুচক্রী মহল। যাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং হুমকির মুখে পড়বে।

স্বপন ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা, বাড়িঘর-দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাই।

পরে দিঘলিয়া সাহাপাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মতবিনিময় কালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, শান্তিপ্রিয় নড়াইলে যারা এ ঘৃণিত ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন— নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানয়ারা, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন প্রমুখ।

একই দিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) সীমা দত্ত, জাসদ জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান বাদশা, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ। পরে অ্যাডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সাম্প্রদায়িক হামলার মামলায় মঙ্গলবার পর্যন্ত মোট ৬ জনকে আটক করা হয়েছে।

১৫ জুলাই দিঘলিয়া সাহাপাড়ার আকাশ সাহার ফেসবুক থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে বিক্ষুদ্ধ লোকজন ৫-৬টি বাড়িঘর ও ৬টি দোকান ঘরসহ চারটি পূজামণ্ডপ ভাংচুর করে ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুদ্ধ লোকজনকে লাঠিপেটা করে এবং টিয়ারশেল ও গুলি ছোড়ে।

আপনার মন্তব্য

আলোচিত