০৯ আগস্ট, ২০২২ ১৩:৪০
রাজধানীর তুরাগ কামারপাড়ায় ভাঙারি কারখানায় বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় আল আমিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হল।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ দুর্ঘটনায় দগ্ধ বাকি ২ জন এখনও চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
মৃত আল আমিনের স্ত্রী রাশিদা বেগম জানান, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তার বাবার নাম লাল মিয়া। বর্তমানে এক মেয়েসহ পরিবার নিয়ে কামারপাড়া ভাবনারটেক এলাকায় থাকতেন। ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আল আমিন।
এর আগে, গত শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় ওই বিস্ফোরণ ঘটে।
এতে ওইদিন রাতেই মারা যায় দগ্ধ আলম, গাজী মাজহারুল ইসলাম ও নুর হোসেন। পরে মিজানুর নামে একজন রোববার রাতে এবং রিকশাচালক মাসুম মিয়া ও আল আমিন সোমবার রাতে মারা যায়।
দগ্ধ বাকি ২ জন হলে, রিকশাচালক শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩০)।
আপনার মন্তব্য