সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:৪৭

কৃষি জমিতে অর্থনৈতিক অঞ্চল: ‘খোলামেলা’ আলোচনার প্রস্তাব ‘উদ্বিগ্ন’ বিশিষ্ট নাগরিকদের

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চান্দপুর চা-বাগান এলাকার কৃষিজমিতে অর্থনৈতিক অঞ্চল করার সরকারি সিদ্ধান্তের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন ১১ জন বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশিষ্ট এই নাগরিকেরা বলেন, ‘এলাকা ঘুরে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে আমরা নিশ্চিত যে অর্থনৈতিক অঞ্চলের জন্য যে জমি হস্তান্তর করা হয়েছে, তার পুরোটাই কৃষিজমি। এখানে বছরে অন্তত দুটো ফসল চাষ হয়। স্থানীয় প্রশাসন কৃষিজমির ৫১১ একর জমি অকৃষিজমি দেখিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘চান্দপুর চা-বাগানের মোট ৩ হাজার ৯৫১ একর জমির মধ্যে ৯৫১ একর চাষাবাদের জমি। অনুসন্ধানে আমরা জেনেছি, যেসব শ্রমিক পরিবার বর্তমানে এ জমি চাষ করছে, তাদের পূর্বপুরুষেরা প্রায় দেড় শ বছর আগে থেকে চা-বাগানের জমি তৈরির পাশাপাশি আবাদি জমিও তৈরি করে।’

তাই চা-শ্রমিকদের ব্যবহৃত কৃষিজমিতে অর্থনৈতিক অঞ্চল করার ব্যাপারে তাঁদের সঙ্গে ‘পূর্ণাঙ্গ’ ও ‘খোলামেলা’ আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘অর্থনৈতিক অঞ্চল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতও জাতীয় অগ্রগতির জন্য সমগুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন হোসেন জিল্লুর রহমান, হামিদা হোসেন, আনু মুহাম্মদ, খুশী কবির, শহিদুল আলম, জ্যোতির্ময় বড়ুয়া, ফিলিপ গাইন, রেহনুমা আহমেদ, তানজিম উদ্দিন খান, শামসুল হুদা ও হাসনাত কাইয়ুম।

আপনার মন্তব্য

আলোচিত