২৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৭
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর থেকেই মিরপুরের শাহ আলী থানা এলাকায় জঙ্গিদের দখলে নেয়া ৬ তলা ভবনে অভিযান চালিয়ে গ্রেনেড, বিপুল বিস্ফোরক উদ্ধারের পর বিকেলে এই ফ্লাটের অপর এক কক্ষ থেকে বিপুল পরিমাণ সুইসাইড বেল্ট উদ্ধার করেছে পুলিশ। এসব বেল্ট দিয়ে বড় ধরনের নাশকতা চালানো সম্ভব ছিল।
ফ্রান্সের প্যারিসে হামলাকারীরা সুইসাইডাল বেল্ট ব্যবহার করেছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে যা এবার বাংলাদেশেই পাওয়া গেল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, মিরপুর শাহ আলী থানা এলাকায় জঙ্গিদের দখলে নেয়া ওই ৬ তলা ভবন থেকে বিপুল পরিমাণ সুইসাইড বেল্ট উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে অনেক সময় লাগবে বলেও জানান তিনি।
অভিযানে এ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিনজন গুরুত্বপূর্ণ নেতাসহ মোট সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বেই চলে এ অভিযান। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অভিযানে অংশ নেয় পুলিশের বিশেষ টিম সোয়াতের সদস্যরা। এ ছাড়া র্যাবসহ পুলিশ সদস্যরাও অংশ নেয় অভিযানে।
ওই ভবনের একটি ফ্ল্যাটে একটি বস্তার ভেতরে ২০টির মতো গ্রেনেড ছিল, যেগুলোকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে বম্ব ডিজপোজাল টিম খুব সতর্কতার সাথে নিষ্ক্রিয় করার কাজ চালিয়ে যাচ্ছে।
আপনার মন্তব্য