সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:২৮

এবার গাজীপুরে র‌্যাবের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত

রাজধানীর মিরপুর ও চট্টগ্রামের হাটহাজারিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি)'র আস্তানায় গোয়েন্দা পুলিশের সফল অভিযানের পর এবার গাজীপুরে আরেকটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে র‍্যাব।

রোববার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১১টা থেকে গাজীপুর মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পিছনে যোগীতলা নতুন বাজার এলাকায় শুরু হওয়া এই অভিযানে জঙ্গিরা র‍্যাবকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছে বলে খবর পাওয়া যায়, পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, জঙ্গিরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব সদস্যরা।

 

“অভিযানের সময় বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ করে বোমা হামলা চালানো হয়। এরপর র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করে।”

 

ঘরের ভেতরে দুজনের গুলিবিদ্ধ লাশের ছবি টেলিভিশনে দেখা যায়।

 

অভিযানের পর রাত ২টায় মুফতি মাহমুদ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “এখানে দুজন মারা গেছেন। তবে তাদের পরিচয় এখনও আমরা জানি না।”

 

একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিনহাজুল ও মাহবুব নামে দুই জঙ্গি রোববার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর কারাফটক থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিল র‌্যাব।

 

তবে অভিযানে নিহত দুজন তারা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

মুফতি মাহমুদ জেএমবির দিকে ইঙ্গিত করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কয়েকজন এখানে মিলিত হয়ে নাশকতার পরিকল্পনা করে বলে আমাদের কাছে খবর ছিল।”

 

আপনার মন্তব্য

আলোচিত