সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৫ ১৬:৪৯

থার্টি ফার্স্টের অনুষ্ঠান দিনেও করা যায়

থার্টি ফার্স্টের অনুষ্ঠান কেবল রাতেই করতে হবে, এমন কথা নেই, দিনেও এ অনুষ্ঠান করা যায়। নিয়ন্ত্রিত কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করতে হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে থার্টি ফার্স্টের অনুষ্ঠান নিয়ন্ত্রিত করার পরামর্শ দিয়েছেন। তার সভাপতিত্বে মন্ত্রীসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘থার্টি ফার্স্টের অনুষ্ঠান কর্মসূচি একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে যেন উদযাপন হয় সেদিকে খেয়াল রাখবেন। কোনও বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি না হয় সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের দেশকে নিয়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে।’

আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। সবাইকেই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এদিকে নিরাপত্তার স্বার্থে রাজধানীতে উন্মুক্তস্থানে সন্ধ্যায় সমাবেশ বা উৎসব উৎসব নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে, থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তার স্বার্থে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার আবাসিক লোকজনকে ৮টার মধ্যে বাসায় প্রবেশ করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় ৮টার পর বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘৮টার পর এসব এলাকায় চেকপোস্টের সংখ্যা বাড়বে। কড়া তল্লাশিও চালানো হবে। বহিরাগতদের এসব এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ আরোপ করা হবে।’

তিনি আরো জানান, এসব এলাকার মধ্যে গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশে শুধু কাকলীর গেট খোলা থাকবে। অন্যসব রাস্তা পরদিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চলাচল নিয়ন্ত্রিত হবে। ঢাবি কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণ করবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদারকিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও পুলিশ এ কার্যক্রমে অংশ নেবেন। ঢাবি ক্যাম্পাসের স্টিকারযুক্ত ছাড়া কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না।

হাতির ঝিলেও সন্ধ্যার পর থেকে জন-সমাবেশ করা নিষিদ্ধ। তবে যানবাহন চলতে পারবে। এখানেও থাকবে কড়া নিরাপত্তা। এছাড়া রাজধানীর কোনও উন্মুক্ত স্থানেই সমাবেশ ও উৎসব নিষিদ্ধ করা হয়েছে। তবে ইনডোরে (অডিটোরিয়াম, হোটেল, রেস্তোরাঁ প্রভৃতি) অনুষ্ঠান-উৎসব করা যাবে। সেক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিবে বলে জানান আছাদুজ্জামান মিয়া।

তিনি আরো জানান, থার্টি-ফার্স্ট নাইটে সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত কোনও বৈধ আগ্নেয়াস্ত্রও বহন করা যাবে না এবং রাজধানীর সকল বার বন্ধ থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত