২৮ ডিসেম্বর, ২০১৫ ২১:৩৬
পৌর নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি নাও থাকতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না। কারণ বিএনপি তাদের অবস্থা বুঝেই নির্বাচনকে বিতর্কিত করছে।’
সাম্প্রতিক সময়ে বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, "বিএনপি শুরু থেকেই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। সেই অনুযায়ী বেগম জিয়া বিদেশ থেকে পাঠ নিয়ে এসে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত কথা বলেছেন এবং বুদ্ধিজীবীদের কটাক্ষ করেছেন। এ সবই তার পরিকল্পনারই অংশ।"
সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বিএনপি জিতলেই যে নির্বাচন সুষ্ঠু হবে এমন কোনো কথা নেই। আবার আওয়ামী লীগ জিতলেই প্রহসনের নির্বাচন হবে তারও কোনো যুক্তি নেই।’
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি অনুরোধ করে বলেন, ‘এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না, যাতে নির্বাচন বিতর্কিত হয়। নির্বচানের মধ্যে নির্বাচন বয়কট করবেন না। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের কোনো বিকল্প নেই।’
তিনি খালেদাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার বিশ্বাস আপনারা শেষ ভোট গণনা পর্যন্ত নির্বাচনে থাকেবন এবং জনগণের যে কোনো রায় মেনে নেবেন।’
বিএনপির সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে স্থানীয় নির্বাচনে কখনোই সেনা মোতায়েন হয়নি। আমাদের মনে আছে নারায়ণগঞ্জ নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছিলেন, সেনা মোতায়েন না করলে তিনি পদত্যাগ করবেন। পরবর্তীতে সেনা মোতায়েন ছাড়াই নির্বাচন হলো এবং তার ফল নিয়ে কেউ বিতর্ক করলো না। তাতেই প্রমাণ হয় সেনা মোতায়ের ছাড়াও সুষ্ঠু নির্বাচন হয়।’
সৈয়দ আশরাফ আশা প্রকাশ করে বলেন, ‘আমার বিশ্বাস নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে।’
এসময় তিনি ‘স্বাধিনতার প্রতীক’ নৌকা মার্কাকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবানও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
আপনার মন্তব্য