সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:৩৩

পিএসসি-জেএসসির ফলপ্রকাশ আজ

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন প্রাথমকি ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এরপর দুপুরে নিজ নিজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তারপরই জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও টেলিটক মোবাইলের ওয়েবসাইটে।

গত ১ নভেম্বর শুরু হয়ে জেএসসি-জেডিসি পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এ পরীক্ষায় অংশ নেয় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। অপরদিকে, পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত