সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৬ ২২:২২

সালমান শাহর মৃত্যুসংক্রান্ত মামলার নথি তলব করেছেন আদালত

চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুসংক্রান্ত মামলার নথি তলব করেছেন আদালত।

চিত্রনায়ক সালমান শাহ’র মা ও বাদী নীলা চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আলোচিত এ মামলার নথি তলব করেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা।

এ ছাড়া আদালত ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওই রিভিশন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৮ জানুয়ারি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তা সহকারী মো. জালাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

নীলা চৌধুরীর করা একটি পিটিশন মামলায় বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার ওই মামলায় রিজভী আহমেদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি নিজে ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে রাত চারটায় গভীর ঘুমে মগ্ন থাকা অবস্থায় সালমান শাহকে চেতনানাশক ইনজেকশন দেন। পরে বিদ্যুতের তার দিয়ে আত্মহত্যার মতো করে শ্বাসরোধ করেন। কিন্তু জবানবন্দি দেওয়া ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেনি।

উল্লেখ্য,  বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা উল্লেখ করে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করলেও সালমানের পরিবার বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে।

সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।

পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ঘটনা তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।

চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।

২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। এরপর প্রায় ১২ বছরে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল। দীর্ঘদিন ধরে বাদীপক্ষ আদালতে সাক্ষী হাজির না করায় তদন্ত প্রতিবেদন দাখিল বিলম্বিত হয়।

৩ আগস্ট ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। এ প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

মামলার বাদী সালমান শাহের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী মারা যাওয়ায় গত ১০ ফেব্রুয়ারি ২০১৫ সালমান শাহ’র মা নীলা চৌধুরী বিচার বিভাগীয় তদন্ত প্রত্যাখ্যান করে প্রতিবেদনের উপর নারাজি দাখিল করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত