০৯ জুলাই, ২০২৩ ২০:০৪
ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু বাড়ে। অলরেডি অনেক বাড়তি। এখন থেকে সজাগ না হলে সামনে আরও বেড়ে যাবে। সুতরাং সকলে মিলে চেষ্টা করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারবো।’
রোববার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে ৫৭টি জেলায় এখন ডেঙ্গু মশা আছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে ঢাকায় সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ রোগী হলো ঢাকায়।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা ডেঙ্গু মোকাবিলা করে চলছি। আমরা সিটি করপোরেশন ও পৌরসভাকে আহবান করবো। যাতে তারা বেশি করে স্প্রে করে এবং বাড়ি-ঘরসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করে। বিশেষ করে বহুতল ভবনে আছে, সেই ভবনে বেশি করে ডেঙ্গু দেখা দিয়েছে। কারণ সেই ভবনের নিচে পানি জমে থাকে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশা কমাতে হবে। মশার জন্ম কম হলে মানুষ কম আক্রান্ত হবে। ঠিক তখনি ডেঙ্গুরোগীর সংখ্যা কমবে।’
গতবছরের ডেঙ্গু চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গত বছর এই সময়ে ডেঙ্গুতে আমাদের ভালো অবস্থান ছিল। এই বছর সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী দেখা দিচ্ছে। সামনের দুই- তিন মাসে আরও বেশি ডেঙ্গু রোগী বাড়বে। অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে বেশি করে ডেঙ্গু বাড়ে। অলরেডি অনেক বাড়তি। এখন থেকে সজাগ না হলে সামনে আরও বেড়ে যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশের ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১২ হাজার লোক আক্রান্ত হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় আড়াই হাজার রোগী ভর্তি আছে। ডেঙ্গুরোগীর চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।’
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য