সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০২৩ ১৪:৩০

বেসিক ব্যাংকের ৪ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ২০ মামলায় ৪ আসামিকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আসামিদের আগাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাই কোর্ট বেঞ্চ। এ সময় আসামিদের শোকের মাস কাটিয়ে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাই কোর্ট। আদেশ শুনে এজলাসের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন আসামিরা।

চার আসামি হলেন: হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন, মতিঝিল লোকাল অফিসের এজিএম মো. জালাল উদ্দিন, গুলশান শাখার এজিএম রুমানা আহমেদ এবং বেসিক ব্যাংক হেড অফিসের এজিএম এ এস এম আনিসুর রহমান।

গত ১২ জুন অর্থ জালিয়াতিসহ বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতির ৫৯টি মামলায় সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সচিব মাহবুব হোসেন জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ ১৪৫ টাকা আত্মসাতে ৫৯টি মামলা হয়। পাঁচজন তদন্তকারী কর্মকর্তা মামলাগুলোর তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই পরিপ্রেক্ষিতে কমিশন মামলাগুলোর চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।

এর আগে বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৯টি মামলা করে দুদক। মতিঝিল, পল্টন ও গুলশান থানায় করা এসব মামলায় মোট আসামি করা হয় ১৫৬ জনকে।

আপনার মন্তব্য

আলোচিত