১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৯
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন।
তারা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাতনামা এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। আগুন ও ধোঁয়ার খবর ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন পড়ে যান এবং পদদলিত হন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ছয়জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সঙ্গে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত উত্তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, কন্ট্রোল রুমে আগুন লাগায় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হয়।
হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, নতুন ভবনের ১১ নম্বর লিফটের বাইরের প্লাস্টিকের কাভারিংয়ের নিচের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কাভারিং বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। লিফটটি চালু ছিল না। পাশের লিফটগুলো চালু ছিল।
তিনি বলেন, আগুন ও ধোঁয়া দেখে রোগীরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় দু-একজন আহত হয়ে থাকতে পারেন। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওয়ার্ডগুলোর কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর রোগীদের নিজ নিজ ওয়ার্ডে ফিরে যেতে মাইকিং করা হয়।অনুসন্ধানী সাংবাদিকতা
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় অবস্থিত ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। প্রাথমিকভাবে লিফটের কন্ট্রোল রুমের বৈদ্যুতিক মেশিনে অতিরিক্ত উত্তাপ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আপনার মন্তব্য