১০ নভেম্বর, ২০২৬ ০১:৩৫
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাদা ব্যাগে মোড়ানো লাল প্লাস্টিকের বাক্স থেকে ফুল ও চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘মিসক্রিয়েন্ট’ উল্লেখ করে দেওয়া হয় রহস্যময় বার্তা।
সোমবার (৯ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠ থেকে বাক্সটি উদ্ধার করে পুলিশ।
‘নভেম্বর রেইনের শুভেচ্ছা’ জানিয়ে চিঠিতে লেখা ছিল, ‘২৪ এর মিসক্রিয়েন্ট আর মহান মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী ব্যতীত সকলের সুরই এখন এক এবং অভিন্ন সুরে গাথা। যে দলেরই হোক না কেন দেশরক্ষা আর দেশমাতৃকার তরে এই লড়াইয়ে প্রত্যেকের প্রত্যাশাই এখন common dream। রাজনৈতিক বিবেচনায় শত শত শিক্ষার্থীর শিক্ষাজীবন যারা নষ্ট করতে ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হল।’
চিঠিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আজকে false sample দিলাম সামনের দিন সামনাসামনি কথা হবে। অবৈধ সরকারের অবৈধ হুলিয়া পালন করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। Its your eleventh hour! চিঠিটি খুলে যখন পড়ছেন তখনও আপনার পাশে থেকে সব জানান দিচ্ছে। জাস্ট এতটুকু জানিয়ে রাখলাম। বোমা-বারুদের নষ্ট রাজনীতি করা ভাইয়ার ২১শে আগস্টের রেকর্ড, আমাদের না। বাক্সে থাকা ফুলের পাপড়ির মত আমরা চিরসুবাসিত, অনেক বেশি শক্তিশালী।’
‘Its coming home, সকল শোষণের জবাব খুব দ্রুতই দেওয়া হচ্ছে’, লেখা হয় চিঠিতে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম গিয়েছিল, একটি চিরকুট পাওয়া গেছে। চিঠিতে নভেম্বরের শুভেচ্ছা উল্লেখ করে কিছু লেখা রয়েছে।’
চিঠির তথ্য ও পরবর্তী করণীয় বিষয়ে তিনি বলেন, ‘কীভাবে তথ্য পেয়েছি গোপনীয়তার রক্ষার্থে বলা যাবে না। আমরা একটা জিডিতে নোট দিয়ে রাখব।’
আপনার মন্তব্য