নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৬ ০০:৫১

এইচএসসির ফল: গত ১২ বছরে সিলেট বোর্ডে কোন সালে পাশের হার কত ছিল

সারাদেশের সাথেও আজ শনিবার সিলেট শিক্ষা বোর্ডেরও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) ফল প্রকাশিত হবে। সকাল ১১ টায় শিক্ষাবোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

এ বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী ছিলেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৫৭৩ জন বেশি। পরীক্ষার্থীরা অধীর আগ্রহে ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে সিলেট বোর্ডে এইচএসসিতে ফল বিপর্যয় ঘটেছিল। গতবছর সিলেটে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গতবছর জিপিএ-৫ পান ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ড প্রতিষ্ঠার পর ২০০৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হার ক্রমেই বেড়েছে। ওই বছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৪৫ শতাংশ।

গত ১২ বছরে পাশের হার

বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে ২০২৫ সালে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬, ২০২৪ সালে পাসের হার ছিলো ৮৫ দশমিক ৩৯ ভাগ, ২০২৩ সালে ৭১ দশমিক ৬২ ভাগ, ২০২২ সালে ৮১ দশমিক ৪০ ভাগ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ ভাগ, আর ২০২০ সালে শতভাগ, ২০১৯ সালে ৬৭ দশমিক ০৫, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭, ২০১৭ সালে ৭২ ভাগ, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯ ভাগ, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ এবং ২০১৪ সালে ৭৯ দশমিক ১৬।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে করোনাকালীন সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাইকে পাস করিয়ে দেওয়া হয়। সেই বার ফলাফল প্রস্তুতিতে বিগত বছরের এসএসসির ফল বিবেচনা নেওয়া হয়। আর ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং জেএসসি ও এসএসসি পরীক্ষার কিছু নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছিল, যার ফলে পাসের হার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল।

যেভাবে জানা যাবে ফল

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এর পর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত