০৯ নভেম্বর, ২০২৬ ১৫:০২
দীপবলি উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় বর্ণিল রূপে সাজে চালিবন্দর মহাশশ্মাঘাট। তবে রাত গলীর হওয়ার পর আলোর সেই স্ফুরণ ঢেকে যায় পটকার ধোঁয়ায়। ছবি : মামুন হোসে
রাত ১২টা। সিলেটের চালিবন্দর মহাশশ্মানঘাটে মারা যাওয়া এক ব্যক্তির দাহ কাজ চলছে। শশ্মানঘাট চত্বরেই তখন একের পর এক পটকা ফোটানো হচ্ছে। পটকার শব্দে-ধোঁয়ায় একাকার। বিরক্ত দাহকাজে আসা শশ্মানযাত্রীরা। শশ্মান চত্বরের মন্ডপে পূজোয় আসা ভক্তরাও ভীত।
রাত ২টা। নগরের মির্জাজাঙ্গালের অবস্থা তখন আরও ভয়াবহ। একের পর এক বাজি ফুটছে। সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বাজির টুকরো কাগজ। ধুয়ো আর শব্দে রীতিমতো যুদ্ধের আবহ তখন এই এলাকায়। গভীর রাতে পূজো দেখতে আসা দর্শনার্থী ও ভক্তদের উপরেও বাজি ছুড়ে দিচ্ছে উশৃঙ্খল তরুণরা।
কেবল এই দুটি এলাকা নয়। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরের অনেক এলাকায় চলে এই বাজির উৎপাত।
রোববার ছিল হিন্দু ধর্মাবলাম্বীদের দীপাবলি ও কালীপূজা। দীপাবলি হলো আলোর উৎসব। অশুভ ও অজ্ঞাতনাকে তাড়িয়ে শুভ, জ্ঞান ও আলোর পথে ফেরার উৎসব। তবে এই আলোর উৎসবের রাত পটকাবাজির অন্ধকারে ঢেকে যায় নগরের অনেক এলাকা। রাতভর চলে শব্দ সন্ত্রাস। পটকাবাজদের উৎপাতে চরম অস্বস্থিতে পড়েন রাতে ও ভোরে পূজো দেখতে বের হওয়া দর্শনার্থীরা। অনেক নারী দর্শনার্থী হেনস্তার শিকার হওয়ারও অভিযোগ ওঠেছে। আর রতভর বিকট শব্দে বিরক্ত পুরো নগরবাসী। শিশু-বয়স্ক ও অসুস্থরা যন্ত্রণা ভোগ করেছেন রাতভর।
যদিও কালীপূজা ও দীপাবলির আগে সিলেটে পটকা ফোটানো বন্ধের আহ্বান জানিয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এমন আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিল সংগঠনটি। হিন্দুধর্মাবলম্বীদের একটি সংগঠনের পক্ষ থেকে পটকা বিক্রি বন্ধে সিসিক মেয়রকে স্মারকলিপিও দেওয়া হয়েছিল। পুলিশ-ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও পটকা ফুটানো ও বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। রাতভর দেদারছে ফুটেছে পটকা। আর তার আগে কয়েকদিন নগরে পটকা বিক্রি হয়েছে প্রকাশ্যে।
গত শুক্র, শনি ও রবিবার নগরের বন্দরবাজার এলাকায় গিয়ে লালদিঘির পাড় গলির মুখ থেকে মহাজনপট্টি পর্যন্ত সারি বেঁধে প্রকাশ্যে পটকা বিক্রি করতে দেখা গেছে। কোথাও রাস্তার উপর আবার কোথাও ফুটপাতে টেবিল পেতে পটকা বিক্রি করতে দেখা যায়।
প্রকাশ্যে নিষিদ্ধ পটকা বিক্রি হলেও তা বন্ধে সিটি করপোরেশন বা পুলিশের কোন পদক্ষেপ দেখা যায়নি।
এ ব্যাপারে সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, ধর্মীয় উৎসবে এই উশৃঙ্খলতা ও মানুষের দুর্ভোগ সৃষ্টিতে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। ফেসবুকে এমন কান্ডের নিন্দা জানাচ্ছেন তারা।
সিলেটের মঈনুদ্দিন মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান পার্থসারথী নাগ পটকাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেন- ‘নগরে বসবাস করলেই সুনাগরিক হওয়া যায়না! নাগরিক জ্ঞান বা civic sense থাকতে হয়। কালী পুজোর নামে বাজিসন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।
নাট্যকর্মী দেবজ্যোতি দেবু লিখেছেন- ‘মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়ায় পূজা করতে শর্ত ছিল, লাউড স্পিকার এবং পটকাবাজি নিষিদ্ধের। কিন্তু গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত এসব পূজা কমিটি আর নেতাদের কাউকেই চর্মচক্ষুতে খুঁজে পেলাম না!’
সাংবাদিক শ্যামানন্দ দাশ লিখেছেন ‘মির্জাজাঙ্গাল পয়েন্টে রাস্তা বন্ধ করে বাজি ফুটিয়ে আয়োজকদের মুখ উজ্জ্বল করলো হিন্দু কমিউনিটির সন্তানরা...। আমি মনে করি এ নিয়ে আপনাদের মাপ চাওয়া উচিৎ এবং যারা দ্বায়িত্ব নিয়েছিলেন তাদেরও মাপ চাওয়া উচিৎ। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।’
আপনার মন্তব্য