সিলেটটুডে ডেস্ক

২২ মে, ২০১৬ ১৯:৫৫

শ্যামল কান্তি ভক্তের পাশে বিএনপি

নারায়ণগঞ্জে জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য সেলিম ওসমানের হাতে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

রোববার (২২ মে) বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের চিকিৎসার খোঁজখবর নিতে যান।

এ সময় তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন, এবং একজন সংসদ সদস্য কর্তৃক কৃত কার্যকলাপের নিন্দা জানান।

মাহবুবুর রহমান বলেন, ‘একজন সংসদ সদস্য শিক্ষকের সঙ্গে এমন আচরণ করেছেন যে তাঁর ওই পদ থাকা উচিত নয়।’


তিনি বলেন, ‘শিক্ষক শ্যামল কান্তি ভক্ত যেভাবে অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তার মধ্য দিয়ে পুরো জাতি অসম্মানিত হয়েছে। একজন সংসদ সদস্য হয়ে কীভাবে এ ধরনের কাজ করলেন, সেটি আমার বোধগম্য নয়।’ তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা অনেক ওপরে। তাঁদের লাঞ্ছিত করা মানে জাতিকে অসম্মান করা। শিক্ষকদের যতই লাঞ্ছিত করা হোক, তাঁরা শিক্ষকতা করবেন, তাঁরা জ্ঞান বিলিয়েই দেবেন।



উল্লেখ্য, ১৩ মে সকাল সাড়ে ১০টায় স্কুলের ম্যানেজিং কমিটির সভা চলাকালে রিনা বেগমকে হাজির করানো হয়। আর তখনই মসজিদের মাইকে ইসলাম ধর্মকে আঘাতের বিষয়টি মাইকিং করা হয়। ওইদিন স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয় শিক্ষক শ্যামল কান্তিকে। যদিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটিতে ধর্ম অবমাননার কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সাংসদ সেলিম ওসমানের শাস্তি দাবি করেন প্রতিবাদকারীরা। সরকারীদল থেকে সেলিম ওসমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। তবে শুক্রবার হেফাজতে ইসলামের সমাবেশ থেকে শিক্ষক শ্যামল কান্তির শাস্তি দাবি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত