১০ আগস্ট, ২০১৬ ১৬:৫১
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের একুশে পদকের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দায়িত্বপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নাম প্রস্তাব করতে বলেছে সরকার।
এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগ, জেলা প্রশাসক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্তদেরকে আগামী ১ নভেম্বরের মধ্যে পদকের জন্য নাম বা মনোনয়ন সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
একুশে পদক সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এই পদক দেওয়া হবে জানিয়ে বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত যাবতীয় তথ্য, পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (www.moca.gov.bd) এবং তথ্য মন্ত্রণালয়ের (www.moi.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সামাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে জীবিত বা মৃত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়া হয়।
আপনার মন্তব্য