নিউজ ডেস্ক

২১ জুলাই, ২০১৫ ১৪:৪৬

বিএনপির চার নেতার জামিন স্থগিতের আবেদনে শুনানি ২৭ জুলাই

নাশকতার ৫৬ মামলায় বিএনপির চার নেতার আগাম জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আগামী ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানির এই দিন ঠিক করে দেন।

এই চার নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।

রাষ্ট্রপক্ষে এদিন আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আসামিপক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। তাদের সহায়তা করেন সগীর হোসেন লিয়ন ও এহসানুর রহমান।

আইনজীবী লিয়ন জানান, গত মঙ্গলবার তরিকুল ইসলাম ছাড়া বাকি তিনজনকে ৫২ মামলায় দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

“গতকাল (সোমবার) তরিকুল ইসলামের মামলায়ও জামিন স্থগিতের আবেদন করা হয়।  আদালত আগামী ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির দিন রেখেছে।”

গত ৯ জুলাই বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বিএনপির এই চার নেতাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়।

বিএনপি নেতাদের মধ্যে আমান গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আগাম জামিন পান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিন পান নয়টি মামলায়। এর মধ্যে ঢাকার পল্টন থানায় পাঁচটি, যাত্রীবাড়ী ও খিলগাঁও থানার একটি এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দুটি মামলা রয়েছে।

আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আগাম জামিন পান পল্টন থানার এক মামলায়।

তরিকুল ইসলাম যশোরের চার মামলায় চার সপ্তাহের আগাম জামিন পান।

আপনার মন্তব্য

আলোচিত